header ads

শিক্ষকের ড্রেসকোড ও মনোজাগতিক গঠন

 


শিক্ষকের ড্রেসকোড ও মনোজাগতিক গঠন

আচরণের স্থায়ী ইতিবাচক পরিবর্তনই শিক্ষা। শিক্ষা একটি সামগ্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে একজন শিক্ষার্থীর মনোজগত, ব্যক্তিত্ব এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। এই প্রক্রিয়ার কেন্দ্রে অবস্থান করেন শিক্ষক।
একজন শিক্ষককে অনুসরণ করেন হাজার হাজার কৌতূহলী চোখ। একজন শিক্ষক কেবল তাঁর জ্ঞানের আলোই ছড়ান না, তাঁর সামগ্রিক আচরণ, ব্যক্তিত্ব এবং পোশাক-পরিচ্ছদও শিক্ষার্থীদের অবচেতন মনে গভীর প্রভাব ফেলে। বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের বিবর্তনের সাথে সাথে শিক্ষকের ড্রেসকোড বা পোশাকের বিষয়টি প্রায়শই আলোচনার জন্ম দেয়।
বাংলাদেশে শিক্ষকতাকে এখনো অত্যন্ত সম্মানজনক পেশা হিসেবে গণ্য করা হয়, তবে কেউ কেউ এর মৃদু বিরোধিতা করেন। তবে শিক্ষকদের সমাজে 'মানুষ গড়ার কারিগর' মনে করা হয়। এই সামাজিক অবস্থানের কারণে শিক্ষকদের প্রতি সমাজের প্রত্যাশাও অনেক। অন্য সকলে যে ভাষায় কথা বলেন, যেভাবে ভাবেন, চলেন হয়তো শিক্ষকগণ সেভাবে চলতে পারেন না সামাজিক নানা প্রত্যাশা ও বিধিনিষেধের কারণে।
বাংলাদেশের সংস্কৃতিতে শিক্ষকতা পেশার সাথে ঐতিহ্যগতভাবে একটি শালীন ও মার্জিত জীবন ও পোশাকের ধারণা জড়িয়ে আছে। পুরুষ শিক্ষকদের জন্য শার্ট-প্যান্ট বা পাঞ্জাবি-পায়জামা এবং নারী শিক্ষকদের জন্য শাড়ি বা শালীন সালোয়ার-কামিজকে আদর্শ মানদণ্ড হিসেবে দেখা হয়। যদিও বিশ্বায়নের প্রভাবে পোশাকের ধরনে আধুনিকতা এসেছে, তবুও শ্রেণিকক্ষে শিক্ষক যখন অতি-অনানুষ্ঠানিক বা পাশ্চাত্য ধাঁচের পোশাক পরেন, তখন তা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের মনস্তত্ত্বে বিভ্রান্তি তৈরি করতে পারে। বিশেষ করে নার্সারি-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের। সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী, পোশাকের এই 'মার্জিত' রূপটি শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা ও সমীহ জাগিয়ে তুলতে সহায়তা করে।
পোশাক পেশাদারিত্বের বহিঃপ্রকাশ। একজন শিক্ষক যখন তাঁর পোশাকের মাধ্যমে পেশাদারিত্বের পরিচয় দেন, তখন তা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ ও শিক্ষার পরিবেশের প্রতি গুরুত্বারোপের মানসিকতা তৈরি করে। যদি শিক্ষক তার পোশাকের ব্যাপারে উদাসীন হন, তবে তা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকের দায়িত্ব ও নিষ্ঠার প্রতিও অবিশ্বাসের বীজ বপন করতে পারে।
বাংলাদেশের জনমানসে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের গভীর প্রভাব রয়েছে। পোশাকের ক্ষেত্রে এই মূল্যবোধের প্রতিফলন প্রত্যাশিত। শিক্ষকের চেতনা, কাজ, পোশাক যদি স্থানীয় সংস্কৃতি বা ধর্মীয় অনুভূতির সাথে সাংঘর্ষিক হয়, তবে তা শিক্ষার্থীদের সাথে শিক্ষকের মানসিক দূরত্ব তৈরি করতে পারে, যা শিক্ষাদান প্রক্রিয়াকে ব্যাহত করে।
শিক্ষার্থীরা একটি শূন্য স্লেট নিয়ে বিদ্যালয়ে আসে না, তাদের মনোজগত পরিবার ও সমাজের দ্বারা গভীরভাবে প্রভাবিত। পরিবারই শিশুর প্রথম পাঠশালা। বাবা-মা ও আত্মীয়-স্বজনের আচার-আচরণ, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি শিশুর মনে স্থায়ী ছাপ ফেলে। পরিবার যদি শিক্ষককে সম্মান করতে শেখায়, তবেই শিক্ষার্থী শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনে আগ্রহী হবে। অন্যদিকে, পরিবারের ছোটো সদস্যদের সামনে যদি শিক্ষকদের সমালোচনা করা হয়, তবে তা শিক্ষার্থীর মনে শিক্ষকের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞার জন্ম দেয়, যার ফলে শিক্ষকের পোশাক বা অন্য কোনো ইতিবাচক দিক শিক্ষার্থীর মনোজগতে কোনো প্রভাব ফেলতে পারে না।
সমাজ বা পারিপার্শ্বিক পরিবেশ শিশুর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং সমবয়সীদের আচরণ শিক্ষার্থীদের মূল্যবোধকে প্রভাবিত করে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় বাহ্যিক চাকচিক্য বা তথাকথিত 'আধুনিকতা' শিক্ষকের মূল যোগ্যতাকে ছাপিয়ে যায়। সমাজ যদি মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষকদের চেয়ে কেবল বাহ্যিক জৌলুসকে বেশি মূল্যায়ন করে, তবে শিক্ষার্থীদের মনোজগতেও এর নেতিবাচক প্রভাব পড়ে।
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা ও মূল্যবোধ চর্চার কেন্দ্র। এই প্রতিষ্ঠানের ভিশন ও মিশন বিশ্লেষণ করলে দেখা যায় যে, তারা কেবল অ্যাকাডেমিক উৎকর্ষ নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ বা 'হোলিস্টিক এডুকেশন'-এ বিশ্বাসী।
সেন্ট গ্রেগরীর ভিশন হলো "Educating Minds and Transforming Hearts" (মনকে শিক্ষিত করা এবং হৃদয়কে রূপান্তরিত করা)। এই দর্শন অনুযায়ী, শিক্ষা মস্তিষ্কে তথ্য অর্জনের বিষয় নয়, এটি মানুষের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে বদলে দেয়। এই রূপান্তরের প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন গ্রেগরিয়ান শিক্ষক যখন তাঁর মার্জিত পোশাক ও আচরণের মাধ্যমে এই দর্শনের প্রতিফলন ঘটান, তখন তা শিক্ষার্থীদের মনোজগতে গভীর রেখাপাত করে।
প্রতিষ্ঠানটির আটটি মূল স্তম্ভ হলো-
ফ্যামিলি, ডিসিপ্লিন, অপশন ফর দ্য পুওর, জিল, হোপ, ডিভাইন প্রোভিন্স, এক্সিলেন্স এবং ইন্টিগ্রিটি- শিক্ষার্থীদের মনোজগত গঠনে সহায়ক।
ডিসিপ্লিন (শৃঙ্খলা):
এই মূল্যবোধটি সরাসরি শিক্ষকের পোশাকের সাথে সম্পর্কিত। শিক্ষক যখন শৃঙ্খলা মেনে মার্জিত পোশাক পরেন, তখন তা শিক্ষার্থীদের মধ্যে "responsible, respectful and diligent" (দায়িত্বশীল, শ্রদ্ধাশীল ও পরিশ্রমী) হওয়ার অনুপ্রেরণা জোগায়। এটি তাদের শেখায় যে, শৃঙ্খলা জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি পোশাকেও প্রয়োজন।
এক্সিলেন্স (উৎকর্ষ) ও ইন্টিগ্রিটি (সততা): সেন্ট গ্রেগরী বিশ্বাস করে যে, আমাদের সেরাটা দিতে হবে এবং সততার সাথে প্রতিশ্রুতি পালন করতে হবে। একজন শিক্ষক যখন তার দায়িত্বের প্রতি সৎ থাকেন এবং পোশাকের মাধ্যমে তার পেশাদারিত্ব ও উৎকর্ষের বহিঃপ্রকাশ ঘটান, তখন তা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। এটি তাদের নিজেদের God-given abilities (ঈশ্বর প্রদত্ত ক্ষমতা) কাজে লাগিয়ে "best version of themselves" (নিজের সেরা সংস্করণ) হওয়ার পথে এগিয়ে যেতে সাহায্য করে।
ফ্যামিলি (পরিবার):
প্রতিষ্ঠানটি একটি পরিবার হিসেবে ঐক্যবদ্ধ থাকার কথা বলে। শিক্ষক যখন শালীন ও সাদামাটা পোশাকে শিক্ষার্থীদের সাথে মেলামেশা করেন, তখন তা তাদের মধ্যে একটি আপনত্বের সম্পর্ক ও "brothers and friends" (ভাই ও বন্ধু) সুলভ পরিবেশ তৈরি করে, যা শিক্ষার জন্য সহায়ক।
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ সমাজের সকল স্তরের ("regardless of their race, religion, or background") মানুষকে সম্মান করার শিক্ষা দেয়। তাদের শিক্ষকরা যখন প্রতিষ্ঠানের এই অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে মার্জিত পোশাক পরেন, তখন তা শিক্ষার্থীদের মনে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তি স্থাপন করে।
উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, শিক্ষকের ড্রেসকোড শিক্ষার্থীদের মনোজাগতিক গঠনে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করে, যদিও তা একমাত্র উপাদান নয়।
বাংলাদেশে সামাজিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী, শিক্ষকের মার্জিত পোশাক শিক্ষার্থীদের মনে শিক্ষকের প্রতি 'ভক্তি' ও 'শ্রদ্ধা' জাগিয়ে তোলে। এই শ্রদ্ধা শিক্ষার্থীদের মনোজগতে শিক্ষকের কথা ও শিক্ষাকে গ্রহণ করার জন্য উর্বর ক্ষেত্র তৈরি করে। উল্টোদিকে, পোশাকের অসংলগ্নতা বা অতি-অনানুষ্ঠানিকতা এই শ্রদ্ধার বাঁধন আলগা করে দিতে পারে।
একজন শিক্ষক যখন সেন্ট গ্রেগরীর মতো প্রতিষ্ঠানের মূল্যবোধ ধারণ করে চলেন, তখন তার পোশাক সেই মূল্যবোধেরই একটি দৃশ্যমান রূপ হয়ে ওঠে। এটি শিক্ষার্থীদের শেখায় যে, সততা, শৃঙ্খলা ও এক্সিলেন্স কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়, বরং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি পোশাক-পরিচ্ছদেও প্রতিফলিত হওয়া উচিত।
শিক্ষার্থীদের মনোজগতে পরিবার ও সমাজের প্রভাব অপরিসীম। পরিবার যদি শিক্ষককে সম্মান করে এবং সমাজ যদি শিক্ষার প্রকৃত মূল্যবোধকে ধারণ করে, তবে অন্যান্য অনুষঙ্গ নিয়ে খুব বেশি বিতর্ক তৈরির সুযোগ থাকে না।
পরিশেষে বলা যায়, শিক্ষকের ড্রেসকোড শিক্ষকের ব্যক্তিত্ব, পেশাদারিত্ব এবং সামাজিক মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ সূচক। বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে, শিক্ষকের মার্জিত ও শালীন পোশাক শিক্ষার্থীদের মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষার পরিবেশকে সুশৃঙ্খল ও শ্রদ্ধাপূর্ণ রাখতে সহায়তা করে।
শিক্ষা হলো মন ও হৃদয়ের রূপান্তর। এই রূপান্তরের প্রক্রিয়ায় শিক্ষক একজন পথপ্রদর্শক। তাঁর পোশাক, আচরণ ও মূল্যবোধ যখন একসূত্রে গাঁথা হয়, তখনই কেবল "holistic education" বা সামগ্রিক শিক্ষা সম্ভবপর হয়। পরিবার ও সমাজ যদি তাদের দায়িত্ব পালন করে এবং সেন্ট গ্রেগরী যদি মূল্যবোধ-ভিত্তিক শিক্ষার চর্চা বজায় রাখে, তবেই আমরা এমন একটি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারব, যারা প্রকৃত শিক্ষা অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও মানবিকতায় ঋদ্ধ হবে।

পতিতপাবন মণ্ডল (পাবন) বাংলা বিভাগীয় প্রধান সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.