সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে আজ শুরু হচ্ছে বার্ষিক সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন উৎসব–২০২৬
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে আজ (২৩ জুলাই, বৃহস্পতিবার) শুরু হচ্ছে তিনদিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন উৎসব–২০২৬। সকাল ৮:৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসব চলবে ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, CSC। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস’ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, RNDM। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ব্রাদার লিওনার্ড চন্দন রোজারিও, CSC।
উৎসব উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক ও শিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ নানা ক্ষেত্রে তাদের প্রতিভা প্রদর্শন করবে। আয়োজকদের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৫ জুলাই বিকাল ৪:০০টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দিন খান এবং জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু CSC।
আয়োজক গ্রেগরিয়ান কালচারাল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উৎসবে শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের উপস্থিতি তরুণ শিল্পীদের জন্য উৎসাহ ও প্রেরণার উৎস হয়ে উঠবে।
সকলকে উৎসবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
No comments
Thank you, best of luck