শৃঙ্খলাবোধ
১. সূচনা:
'Man is born free, but everywhere he is in chain'- মহান দার্শনিক রুশোর এই অমর উক্তিটি মানব অস্তিত্বের এক চিরন্তন সত্যকে উদ্ভাসিত করে। জন্মগতভাবে মানুষ স্বাধীন হলেও, প্রকৃতি ও সমাজের অলঙ্ঘনীয় শৃঙ্খলে সে আবদ্ধ। প্রকৃতির সুনির্দিষ্ট নিয়মের সামান্যতম ব্যত্যয় মানবজীবনে বিপর্যয় ডেকে আনে। সূর্যোদয় ও সূর্যাস্ত, দিন ও রাতের আবর্তন-সবই এক সুনির্দিষ্ট শৃঙ্খলার অধীন। মানবজীবনও এই শৃঙ্খলার বাইরে নয়।
২. শৃঙ্খলার সংজ্ঞা:
শৃঙ্খলা হলো জীবনযাপনের এক সুনির্দিষ্ট পদ্ধতি, যেখানে নিয়মকানুন, মূল্যবোধ ও আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ পায়। এটি স্বেচ্ছাচারিতা নয়, বরং এক স্বতঃস্ফূর্ত আত্মসমর্পণ, যা জীবনকে সুসংহত ও লক্ষ্যমুখী করে তোলে।
৩. শৃঙ্খলাবোধের স্বরূপ:
শৃঙ্খলাবোধ বলতে শুধু বাহ্যিক নিয়ম মানা নয়, বরং অন্তরের গভীরে প্রোথিত এক আত্মনিয়ন্ত্রণকে বোঝায়। এটি মানুষের প্রবৃত্তি, আবেগ ও কর্মের মধ্যে এক সুসামঞ্জস্যপূর্ণ ভারসাম্য স্থাপন করে। যে মানুষ শৃঙ্খলাবোধে সমৃদ্ধ, সে শুধু নিজের জীবনেই নয়, সমগ্র সমাজে শান্তি ও স্থিতিশীলতা এনে দেয়।
৪. শৃঙ্খলার বৈশিষ্ট্য:
শৃঙ্খলার কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে: এটি সুনির্দিষ্ট, সুসংহত, লক্ষ্যমুখী ও ফলপ্রসূ। শৃঙ্খলা ব্যক্তিকে সুপথে চালিত করে, তাকে দায়িত্বশীল করে তোলে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষ আত্মবিশ্বাস অর্জন করে এবং জীবনে স্থিরতা লাভ করে।
৫. শৃঙ্খলাবোধের গুরুত্ব:
মানবজীবনে শৃঙ্খলাবোধের গুরুত্ব অপরিসীম। এটি ছাড়া মানবজীবন লক্ষ্যহীন নৌকার মতো, যা ক‚লহারা সমুদ্রে ভেসে বেড়ায়। শৃঙ্খলাবিহীন জীবনে সুখ-শান্তি অধরা থেকে যায় এবং সমাজে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শৃঙ্খলাবদ্ধ জীবনই সাফল্যের সোপান এবং উন্নত জীবনযাপনের একমাত্র পথ।
৬. শৃঙ্খলা চর্চার সময়:
শৈশবকাল হলো শৃঙ্খলা চর্চার প্রকৃষ্ট সময়। এই সময়ে অর্জিত শৃঙ্খলাবোধ মানুষের সারা জীবনের সঙ্গী হয়। নিয়ম মানার অভ্যাস শৈশবে গড়ে উঠলে তা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে বিকশিত হতে সাহায্য করে।
৭. শিশুকালে শৃঙ্খলার শিক্ষা:
একটি শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবারে, যেখানে সে প্রথম শৃঙ্খলার ধারণা পায়। এরপর বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান তাকে শৃঙ্খলাবোধে আরও বেশি ঋদ্ধ করে তোলে। এই শিক্ষাই তাকে উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলে।
৮. ছাত্রজীবনে শৃঙ্খলা:
ছাত্রজীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম, কারণ এ সময়েই ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপিত হয়। শৃঙ্খলাবোধ একজন ছাত্রকে দায়িত্বশীল করে, পড়াশোনার প্রতি তার মনোযোগ বৃদ্ধি করে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।
৯. পারিবারিক জীবনে শৃঙ্খলা:
পরিবার হলো সমাজজীবনের মূল ভিত্তি, যেখানে শৃঙ্খলার অনুশীলন শুরু হয়। পারিবারিক জীবনে শৃঙ্খলা বজায় থাকলে তা সদস্যদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধি করে। শৃঙ্খলাবদ্ধ পরিবার সমাজের কাছে এক আদর্শ উদাহরণ হয়ে ওঠে।
১০. মানবজীবনে শৃঙ্খলা:
সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ অন্যান্য প্রাণী থেকে উন্নত, কারণ সে নিয়মবদ্ধ জীবনযাপন করে। মানবজীবনকে সার্থক করতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলাবদ্ধ মানুষ শুধু নিজের বা পরিবারের জন্য নয়, রাষ্ট্রের জন্যও স¤পদ। মানবজীবনে লক্ষ্যকে জয় করতে শৃঙ্খলা অত্যাবশ্যক।
১১. সমাজজীবনে শৃঙ্খলা:
আদিম যুগ থেকেই মানুষের সমাজে কিছু নিয়ম-শৃঙ্খলা মেনে চলা হয়। বর্তমান সমাজেও এর গুরুত্ব অনস্বীকার্য। নিয়ম-শৃঙ্খলা ছাড়া কোনো সমাজ সুস্থভাবে চলতে পারে না। নিয়মবদ্ধ আচার-অনুষ্ঠান ও পরিচালনার মধ্য দিয়ে শৃঙ্খলাই সমাজকে সুন্দর ও সার্থক করে তোলে।
১২. রাষ্ট্রীয় জীবনে শৃঙ্খলা:
একটি সুশৃঙ্খল রাষ্ট্রই কেবল উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে পারে। আইন ও বিচার ব্যবস্থার প্রতি নাগরিকদের আনুগত্য এবং রাষ্ট্রীয় নিয়ম-কানুন মেনে চলা একটি জাতির উন্নতিতে অপরিহার্য। রাষ্ট্রীয় শৃঙ্খলা দেশের নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করে।
১৩. শৃঙ্খলা সৃষ্টির উপায়:
শৃঙ্খলা সৃষ্টির প্রধান কেন্দ্র হলো পরিবার। পরিবারে মা-বাবা এবং ভাই-বোনদের মধ্যে সুস¤পর্ক, পার¯পরিক শ্রদ্ধা ও সহযোগিতা শৃঙ্খলাবোধের জন্ম দেয়। এরপর বিদ্যালয়ে শিক্ষকরা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলেন। এছাড়া সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শৃঙ্খলার গুরুত্ব স¤পর্কে মানুষকে সচেতন করে তোলে।
১৪. শৃঙ্খলার প্রয়োজনীয়তা:
মানুষের জীবনের সকল ক্ষেত্রেই শৃঙ্খলার প্রয়োজনীয়তা অপরিসীম। এটি ছাড়া মানুষ সর্বক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন হয় এবং তার জীবনে নেমে আসে পরাজয়ের গ্লানি। শৃঙ্খলাবিহীন সমৃদ্ধ সমাজ বা প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে যেতে পারে। অতএব, শৃঙ্খলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
১৫. বিশৃঙ্খলার কুফল:
বিশৃঙ্খলার পরিণতি ভয়াবহ। এটি শুধু ধ্বংসই ডেকে আনে। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যতই দক্ষ হোক না কেন, বিশৃঙ্খলা তাকে এবং তার সহযোগীদের মারাÍক অবস্থায় নিয়ে যেতে পারে। খেলার মাঠে বিশৃঙ্খল আচরণ দলের পরাজয় নিশ্চিত করে। বিশৃঙ্খলা এভাবেই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।
১৬. উপসংহার:
একজন মানুষ, একটি সমাজ, একটি জাতি তখনই সভ্য ও উন্নত হয়ে ওঠে, যখন তার মধ্যে শৃঙ্খলাবোধ থাকে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, শৃঙ্খলাবোধের অভাবই অনেক সভ্যতা ও জাতির পতনের কারণ হয়েছে। শৃঙ্খলাহীন মানুষের যেমন কোনো মর্যাদা নেই, তেমনি শৃঙ্খলাহীন জাতিরও কোনো সম্মান নেই। এ কারণেই সমাজজীবনে শৃঙ্খলা এত অত্যাবশ্যকীয়।
No comments
Thank you, best of luck