header ads

একাদশ-দ্বাদশ শ্রেণির 'সাহিত্যপাঠ' (বাংলা ১ম পত্র): ভুলের খতিয়ান



পাঠ্যবই কেবল কাগজে ছাপা কিছু পৃষ্ঠার সমষ্টি নয়। একজন শিক্ষার্থীর ভাষা ও সাহিত্যের জগতে প্রথম নিয়মিত পদচারণা ঘটে এই বইয়ের হাত ধরেই। যে শব্দের অর্থ সে পাঠ্যবইয়ে পড়ে, সেটিকেই সে নির্ভুল বলে মেনে নেয়। যে বানানে সে অভ্যস্ত হয়, সেটিকেই সে শুদ্ধ বলে জানে। পাঠ্যবই তাই শিক্ষার্থীর কাছে প্রায় অলিখিত প্রামাণ্য দলিল। এই আস্থার ভিত যত দৃঢ়, বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি টীকা ও প্রতিটি সম্পাদনার দায়ও ততটাই গভীর।
একাদশ-দ্বাদশ শ্রেণির 'সাহিত্যপাঠ' (বাংলা ১ম পত্র) এমনই একটি বই। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী এই বইয়ের মধ্য দিয়ে মধুসূদন, আলাওল, নজরুল, রবীন্দ্রনাথ, শামসুর রাহমান, সৈয়দ ওয়ালীউল্লাহ ও আখতারুজ্জামান ইলিয়াসের সঙ্গে পরিচিত হয়। উচ্চমাধ্যমিক স্তরের এই পরিচয় অনেকের জন্য সাহিত্যের সঙ্গে গভীর সম্পর্কের সূচনা। আবার অনেকের জন্য এটাই সাহিত্যপাঠের শেষ ধাপ। দুই ক্ষেত্রেই বইটি হয়ে ওঠে সাহিত্য-ভাবনার প্রথম ও প্রধান অবলম্বন। সেখানে একটি শব্দের ভুল অর্থ, একটি অনুচ্ছেদের অসম্পূর্ণ সম্পাদনা বা একটি মুদ্রণপ্রমাদ কেবল একটি ছোট্ট ত্রুটি হয়ে থাকে না। বছরের পর বছর, শ্রেণিকক্ষ থেকে শ্রেণিকক্ষে, সেই ভুল নতুন নতুন মনে গেঁথে যায়, আর শিক্ষকের সামনে দাঁড়ায় এক কঠিন প্রশ্ন: বইয়ে যা আছে তা পড়াব, নাকি যা শুদ্ধ তা বলব?

শ্রেণিকক্ষে পড়াতে গিয়ে এই দ্বিধার মুখোমুখি হয়েছি বারবার। পাঠ্যবইয়ের ভুল চোখে পড়লে অনেকেই চুপ থাকেন, কেউ কেউ নীরবে নিজের মতো শুধরে নিয়ে পড়ান। কিন্তু ব্যক্তিগত সংশোধনে সমস্যার সমাধান হয় না, কারণ বইটি তো রয়েই যায় অপরিবর্তিত। তাই এই লেখায় শব্দার্থ, ব্যাকরণ, মুদ্রণ ও সম্পাদনার যেসব অসংগতি আমার নজরে এসেছে, তা একত্র করে সবার সামনে রাখার চেষ্টা করেছি। উদ্দেশ্য কারও দোষ খোঁজা নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সম্পাদক ও সহকর্মী শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করা, যাতে পরবর্তী সংস্করণে বইটি আরও নির্ভুল ও নির্ভরযোগ্য হয়ে ওঠে।

একটি কথা স্পষ্ট করে বলা দরকার। এখানে 'ভুল' বলতে আমি তিন ধরনের ত্রুটির কথা বোঝাচ্ছি: মুদ্রণপ্রমাদ, ধারণাগত বিচ্যুতি এবং যথাযথ সম্পাদনার অভাব। এ ধরনের ত্রুটি পাঠ্যবইয়ে সম্পূর্ণ এড়ানো হয়তো কঠিন, কিন্তু চিহ্নিত হওয়ার পরও দীর্ঘদিন অসংশোধিত থেকে যাওয়াটাই উদ্বেগের। এই লেখা সেই উদ্বেগ থেকেই জন্ম নিয়েছে, সংশোধনের প্রত্যাশা নিয়ে।এখানে ভুল বলতে বোঝাচ্ছি মুদ্রণপ্রমাদ, ধারণাগত বিচ্যুতি আর যথাযথ সম্পাদনার অভাব। একে একে চোখ বুলিয়ে নেওয়া যাক।
শিবের প্রতি অবিচার

এই বইয়ে 'বোঝাবুঝির' সবচেয়ে বড়ো স্বীকার দেবাদিদেব শিব। একবার নয়, দুবার। প্রথমবার 'স্থাণু' শব্দের অর্থে, দ্বিতীয়বার 'ঈশান' শব্দের অর্থে।

'বিভীষণের প্রতি মেঘনাদ' 
আগে 'স্থাণু'র কথা বলি। বইয়ে এর অর্থ দেওয়া হয়েছে 'নিশ্চল', আর 'স্থাণুর ললাটে'র অর্থ 'নিশ্চল আকাশে'। তাহলে 'ললাট' মানে দাঁড়ায় আকাশ! 'স্থাণু' বিশেষণ হলে অবশ্যই 'নিশ্চল' বোঝায়, তাতে সন্দেহ নেই। কিন্তু এখানে শব্দটি বিশেষ্য, আর বিশেষ্য হিসেবে তার অর্থ শিব। 'স্থাণুর ললাটে' বলে কবি শিবের কপালে শোভিত চাঁদের কথাই বুঝিয়েছেন, আর সেই কারণেই শিবের আরেক নাম চন্দ্রচূড়।

এই কবিতারই 'জীমূতেন্দ্র' শব্দটি দেখা যাক। বইয়ে এর অর্থ লেখা হয়েছে 'মেঘের ডাক বা আওয়াজ'। সম্ভবত 'জীমূতমন্দ্র'-এর সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। বলা ভালো- জীমূত ও ইন্দ্র মিলে সন্ধিতে হয় জীমূতেন্দ্র। জীমূত মানে মেঘ, ইন্দ্র মানে রাজা। সুতরাং সমাসবদ্ধ অর্থ দাঁড়ায় মেঘরাজ বা মেঘশ্রেষ্ঠ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ও অর্থ করেছেন মেঘশ্রেষ্ঠ বা মহামেঘ। তাহলে 'মেঘের ডাক' এলো কোথা থেকে?

আরেকটি অসংগতি সম্বোধন-পদে। সংস্কৃত ব্যাকরণে সম্বোধনে দীর্ঘ ঈ-কারান্ত শব্দ হ্রস্ব ই-কারান্ত হয়ে যায়। মাইকেল মধুসূদন দত্ত সেই নিয়ম মেনেই বিভীষণকে ডেকেছেন 'বীরকেশরি' ও 'মহারথি' বলে। অথচ বইয়ে সম্বোধনের ক্ষেত্রেও দীর্ঘ ঈ-কার বসিয়ে দেওয়া হয়েছে। মজার কথা, একই সম্বোধনে 'বিধাতঃ' শব্দটি সংস্কৃত ব্যাকরণের মর্যাদা রক্ষা করে যথাস্থানেই রয়ে গেছে।

আলাওলের 'ঋতু বর্ণন' 
এখানে একটি সাংঘাতিক মুদ্রণপ্রমাদ ঘটেছে। চরণটি ছাপা হয়েছে 'পাবন সময়ে ঘন ঘন গরজিত' রূপে। একটু মন দিলেই বোঝা যায়, এই চরণে 'পাবন' কোনো অর্থই তৈরি করে না। শব্দটি আসলে ছিল পাবস, পাউস বা পাউখ। সৈয়দ আলী আহসানের সম্পাদিত 'পদ্মাবতী'তে শব্দটি 'পাবস'। মুদ্রণের গোলমালে সেটি হয়ে গেছে 'পাবন', যার আছে সম্পূর্ণ ভিন্ন এক অর্থ। 'পদ্মাবতী'র আরেক সংস্করণে পাওয়া যায় পাউখ বা পাউস। সুকুমার সেন দেখিয়েছেন (ব্যুৎপত্তি-সিদ্ধার্থ), এই সবকটি রূপই এসেছে সংস্কৃত 'প্রাবৃষ' থেকে, যার অর্থ বর্ষাকাল। আর 'পাবন' মানে পবিত্রকারী বা ত্রাণকর্তা, যেমন 'পতিতপাবন'। বর্ষার বর্ণনায় ত্রাণকর্তার আগমন, এ তো রীতিমতো অর্থবিভ্রাট!

'বিদ্রোহী'
এই কবিতাতেও শিব আরেকবার ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন। 'ঈশান' শব্দের অর্থ দেওয়া হয়েছে 'কোণ', অথচ ঠিক পাশেই রয়েছে 'বিষাণ'। এই শব্দই বলে দিচ্ছে, এখানে ঈশান মানে শিব। নজরুলের আরেকটি চরণ স্মরণ করা যেতে পারে: "ওরে ওই তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ।" আরও একটি প্রশ্ন থেকে যায়। কবিতায় 'বিধাত্রী' শব্দটি 'বিধাতৃ' হলো কেন, কে জানে! শব্দার্থ ও টীকা অংশে আবার সেই 'বিধাত্রী'ই ফিরে এসেছে।

শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি ১৯৬৯' 
বছরের পর বছর ধরে এই কবিতার 'আলোকিত' শব্দটি মুদ্রণপ্রমাদে পড়ানো হচ্ছে 'আলোচিত' হিসেবে।
গদ্যের পাতায় 

রবীন্দ্রনাথের 'অপরিচিতা' 
রবীন্দ্রনাথ সাধারণত 'বরযাত্রী' না লিখে 'বরযাত্র' লিখতেন। অন্যান্য গল্পেও এই রূপটি আছে। বিশ্বভারতীর রবীন্দ্র রচনাবলিতে 'অপরিচিতা' গল্পেও 'বরযাত্রী' নেই, আছে 'বরযাত্র'। কিন্তু পাঠ্যবইয়ে কখনো 'বরযাত্র', কখনো 'বরযাত্রী' ছাপা হয়েছে। কোনো সামঞ্জস্য নেই।
'সাহিত্যের খেলা'

এই প্রবন্ধে দরিদ্রের ছেলের তুলনা করা হয়েছে 'রাখালের' ছেলের সঙ্গে। এখানে 'রাখাল' হবে না, হবে 'রাজার' ছেলে। একই প্রবন্ধে 'কুশীলব' শব্দের অর্থ দেওয়া হয়েছে 'নট বা অভিনেতা'। অথচ এখানে কুশীলব বলতে বোঝানো হয়েছে কুশ ও লবকে। মুনি-ঋষিদের যজ্ঞস্থলে তাঁরাই রামায়ণ গান করতেন, একথা রামায়ণের সূচনাতেই আছে।

'যৌবনের গান' ('তরুণের সাধনা')
প্রথম তিন লাইন পড়লেই একটা অর্থগত অসংগতি চোখে পড়ে, কারণ সম্পাদনা যথাযথ হয়নি। সবচেয়ে বড়ো ভুল হলো 'মুসোলিনি'র অন্তর্ভুক্তি। নজরুলের কোনো সংস্করণেই আমি মুসোলিনীকে খুঁজে পাইনি। পেয়েছি জগলুলকে। জগলুলকে সরিয়ে কোথা থেকে মুসোলিনী এসে হাজির হলেন, তা খোদাই মালুম। মরক্কোর উপনিবেশ-বিরোধী বিপ্লবী নেতা ও গেরিলা যোদ্ধা মুহাম্মাদ ইবনে আব্দুল করিম আল-খাত্তাবি সম্পর্কে একটি টীকা থাকা উচিত ছিল।
'গন্তব্য কাবুল'
এখানে চাকা সারাল 'হ্যাজি ম্যানন'। অথচ 'দেশে বিদেশে' পড়ে পেয়েছি 'হ্যান্ডি ম্যান'। পাঠ্যবইয়ে মুদ্রণপ্রমাদে তিনি হয়ে গেছেন 'হ্যাজি ম্যানন'।

'কপিলদাস মুর্মুর শেষ কাজ' 
যথাযথ সম্পাদনার অভাবে গল্পটি ঠিকমতো বোঝাই যায় না। সাঁওতালদের উচ্ছেদের ষড়যন্ত্র কেন হচ্ছে? কপিলদাস মাতালের দিকে কেন তেড়ে গিয়েছিল? এসব প্রশ্নের উত্তর গল্পের ভেতরে খুঁজে পাওয়া কঠিন। 

'রেইনকোট' 
আকবর সাজিদের দোহাই কেন দিয়েছিল প্রিন্সিপ্যাল, তা বুঝতে মূল গল্পের একটি অংশ থাকা দরকার ছিল। তা না থাকায় গল্পের ধারাবাহিকতায় একটা ফাঁক থেকে যাচ্ছে।

শেষ কথা
ভুলগুলো যেভাবেই ঘটে থাকুক, দীর্ঘ বছর ধরে তা সংশোধিত হয়নি। অথচ সংশোধন জরুরি। একজন শিক্ষক হিসেবে এটুকু প্রত্যাশা করার অধিকার নিশ্চয়ই আমার আছে।


No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.