header ads

ঋতু বর্ণন।। একাদশ-দ্বাদশ শ্রেণি।। বাংলা প্রথম পত্র।। সাহিত্যপাঠ।। সৃজনশীল প্রশ্নোত্তর।।

১. আজ জোছনা রাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে।

ক. মল্লার কী?
খ. ‘রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ।’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের সঙ্গে ‘ঋতু বর্ণন’ কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে।— ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘ঋতু বর্ণন’ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।”— উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

১ নম্বর প্রশ্নের উত্তর
ক. মল্লার হলো সংগীতের একটি রাগ; যা রাত্রির দ্বিতীয় প্রহরে গাওয়া হয়।

খ. ‘রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ’ বলতে উত্তপ্ত গ্রীষ্মে সূর্যের রুক্ষ রূঢ়তায় ত্রাসিত মানুষের ছায়ার আপন চরণতলে আশ্রয় নেওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।

‘ঋতু বর্ণন’ কবিতায় কবি আলাওল গ্রীষ্মের দাবদাহের কথা বলেছেন। এ সময় সূর্যের প্রচণ্ড প্রখর তাপ বহমান থাকে। গ্রীষ্মের আগমনে প্রকৃতি উষ্ণ উত্তাপে ভয়ংকর রূপ ধারণ করে। সূর্য তার সমস্ত ক্রোধ ও ত্রাস নিয়ে উপস্থিত হয়। রৌদ্রের এই ত্রাসিত প্রখরতা জনজীবনকে অতিষ্ঠ করে তোলে। সূর্যের রশ্মি থাকে সরাসরি মাথার উপর। ফলে মধ্যাহ্নে ছায়াও মানুষের সোজা পায়ের নিচে বরাবর আশ্রয় নেয়। আর এই ভাবার্থ বোঝাতে প্রশ্নোক্ত চরণের অবতারণা করেছেন কবি।

গ. উদ্দীপকে বসন্তের সৌন্দর্যের কথা বর্ণিত হয়েছে যা ‘ঋতু বর্ণন’ কবিতার বসন্ত ঋতুর বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

কবি আলাওল ‘ঋতু বর্ণন কবিতায় বসন্তের অপরূপ সৌন্দর্যের কথা বলেছেন। এই ঋতুতে চারদিক ফুলে ফুলে শোভিত থাকে। দখিনা বাতাস প্রেমের দেবতার বার্তাবাহক হয়ে হাজির হয়। চারপাশের গাছপালায় নতুন পাতা এবং ফুলের সমারোহ থাকে। ফলে বনে বনে সৌন্দর্য উপভোগের সাড়া পড়ে যায়।

উদ্দীপকে বসন্তের অপরূপ সৌন্দর্যের কথা বলা হয়েছে। এই সময় জোছনা রাতে সবাই বনে বনে সৌন্দর্য উপভোগ করতে গিয়েছে। বসন্তের মাতাল সমীরণ সবাইকে সৌন্দর্য উপভোগের বার্তা দিয়ে গিয়েছে। বসন্তের এই অপরূপ সৌন্দর্য ‘ঋতু বর্ণন’ কবিতায়ও আমরা দেখতে পাই। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে ‘ঋতু বর্ণন কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য রয়েছে।

ঘ. ঋতু বর্ণন কবিতায় বাংলার ষড়ঋতুর অপরূপ সৌন্দর্যের কথা বলা হলেও উদ্দীপকে কেবল বসন্ত ঋতুর কথা বর্ণিত হয়েছে বিধায় উদ্দীপকটি কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।

‘ঋতু বর্ণন’ কবিতায় কবি আলাওল ষড়ঋতুর রূপবৈচিত্র্য এবং এর সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি তুলে ধরেছেন। বাংলার প্রকৃতিতে বসন্তে নবীন পত্রপুষ্প, গ্রীষ্মের সূর্যতাপ, বর্ষার অবিরল জলধারা, শরতের নির্মল আকাশ, হেমন্তের পুষ্পতুল্য তাম্বুল, শীতের দিঘল রজনী যে পরিবর্তন সাধন করে তা কবি তাঁর কবিতায় সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রকৃতির এই রূপ-মাধুরী মানুষের মনেও প্রভাব ফেলে। প্রকৃতির মতো মানুষের মনও এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে।

উদ্দীপকে বসন্তের মাতাল সমীরণের কথা বলা হয়েছে। এই ঋতুতে জোছনা রাতে সবাই বনে সৌন্দর্য উপভোগ করতে গিয়েছে। কেননা বসন্তের বন ফুলে ফুলে শোভিত থাকে। এই শোভা উপভোগ করার আনন্দ সবাই পেতে চায়। বসন্তের এই অপরূপ সৌন্দর্য তুলে ধরার জন্যই উদ্দীপকটির অবতারণা করা হয়েছে। ‘ঋতু বর্ণন’ কবিতায়ও বসন্ত ঋতুর প্রায় একইরকম বর্ণনা ফুটে উঠেছে।

উদ্দীপকে বসন্তের রূপ বর্ণিত হয়েছে। কিন্তু ‘ঋতু বর্ণন’ কবিতায় বসন্তের রূপ ছাড়াও বাংলার সব ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে। কবিতায় গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ঋতুর রূপ-মাধুরী ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া ঋতুর এই পরিবর্তনের সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটিও আলোচ্য কবিতায় তুলে ধরা হয়েছে। কিন্তু উদ্দীপকে বসন্ত ঋতুর সৌন্দর্য ব্যতীত অন্য দিক অনুপস্থিত। ফলে উদ্দীপকটি ‘ঋতু বর্ণন কবিতার সমগ্র ভাব ধারণ করতে পারেনি।

২.  আরম্ভিছে শীতকাল, পড়িছে নীহার-জাল,
শীর্ণ বৃক্ষশাখা যত ফলপত্রহীন;
মৃতপ্রায় পৃথিবীর মুখের উপরে
বিষাদে প্রকটিনম্রতা শুভ্র বাষ্পজালে গাঁথা
কুজ্ঝটি-বসনখানি দেছেন টানিয়া;
পশ্চিমে গিয়েছে রবি, স্তব্ধ সন্ধ্যাবেলা,
[সূত্র: সুদিন, রবীন্দ্রনাথ ঠাকুর]

ক. ‘কিংশুক’ শব্দের অর্থ কী?
খ. ‘নানা পুষ্প মালা গলে বড় হরষিত’— বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের কবিতারংশের সাথে ‘ঋতু বর্ণন’ কবিতার সাদৃশ্য তুলে ধরো।
ঘ. “উদ্দীপকের কবিতাংশ ‘ঋতু বর্ণন’ কবিতার কিঞ্চিৎ ভাবগত মিল থাকলেও বৈসাদৃশ্যই বেশি।”— মন্তব্যটি বিশ্লেষণ করো।
২ নম্বর প্রশ্নের উত্তর
ক. ‘কিংশুক’ শব্দের অর্থ পলাশ ফুল বা বৃক্ষ।
খ. ‘নানা পুষ্প মালা গলে বড় হরষিত’— বলতে বসন্ত ঋতুতে নিজেকে সাজিয়ে আনন্দিত হওয়ার দিককে বোঝানো হয়েছে।
‘ঋতু বর্ণন’ কবিতায় বসন্ত প্রকৃতির নতুন সাজে সেজে ওঠার কথা বলা হয়েছে। বসন্তে নানারকম ফুল ফোটে। প্রকৃতি তখন রঙিন রূপ ধারণ করে। বসন্তকে বরণ করতে এবং প্রকৃতির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে সবাই নানারকম সাজে নিজেকে সজ্জিত করে। ফুলের মালা গলায় পরে তারা আনন্দ, উল্লাস করে। এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

গ.  উদ্দীপকের কবিতারংশের সাথে ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত শীত ঋতুর সাদৃশ্য রয়েছে।
‘ঋতু বর্ণন’ কবিতায় বাংলার ষড়ঋতুর রূপবৈচিত্র্যের বর্ণনা দেওয়া হয়েছে। কবি আলাওলের মতে, ষড়ঋতুতে প্রকৃতি নানা রূপে সেজে ওঠে। কবিতায় অন্য ঋতুর পাশাপাশি শীত ঋতুর বৈশিষ্ট্যও রূপায়িত হয়েছে। শীতকালে সূর্য যেন লুকিয়ে থাকে। শীতের কুয়াশায় বা মেঘে সূর্য ঢাকা পড়ে থাকে। রাতের বেলা সুখী দম্পতির চিত্তসুখের বর্ণনা, শীতের দীর্ঘ রজনী ইত্যাদির কথা বর্ণিত হয়েছে।
উদ্দীপকের কবিতাংশে শীতের আগমনে গাছে ফুল-পাতার অনুপস্থিতি লক্ষণীয়। এ সময় প্রকৃতি যেন মৃতপ্রায়। কুয়াশার সাদা বাষ্পজালে প্রকৃতি আবদ্ধ থাকে। এই ঋতুতে সূর্য দ্রুত অস্ত গিয়ে রাতকে দীর্ঘ করে। ‘ঋতু বর্ণন’ কবিতায়ও শীত ঋতুর এরূপ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ফলে উদ্দীপক ও ‘ঋতু বর্ণন’ কবিতায় যে সাদৃশ্য পাওয়া যায় তা হলো শীতের বর্ণনা।

ঘ.  উদ্দীপকের কবিতাংশে ‘ঋতু বর্ণন’ কবিতার শীত ঋতুর বৈশিষ্ট্য ব্যতীত অন্যান্য দিক অনুপস্থিত থাকায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
‘ঋতু বর্ণন’ কবিতায় বাংলার ষড়ঋতুর পরিচয় তুলে ধরা হয়েছে। এতে বসন্তের পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমর-গুঞ্জন ও কোকিলের কুহুতান, গ্রীষ্মের প্রচণ্ড তপনের রৌদ্রত্রাস ও ছায়ার গুরুত্ব, শরতের নির্মল আকাশ, শীতের দীর্ঘ রজনী ইত্যাদির প্রতিফলন ঘটেছে। এছাড়া মানবমনের উপর প্রকৃতির প্রভাবও কবি আলাওল সুন্দরভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন।
উদ্দীপকের কবিতাংশে শীত ঋতুর বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। শীতের রিক্ত রূপের বর্ণনা করা হয়েছে কবিতাংশে। এ সময় প্রকৃতি যেন হয়ে পড়েছে মৃতপ্রায়। চারপাশ কুয়াশার চাদরে ঢাকা। দ্রুত সূর্য অস্ত গিয়ে নেমে আসে রাত। গাছে গাছে কোনো পাতা থাকে না। ফলে প্রকৃতির রিক্ত রূপ মূর্ত হয়েছে উদ্দীপকের কবিতাংশে। ‘ঋতু বর্ণন’ কবিতায়ও শীত ঋতুর এমন বর্ণনা ফুটে উঠেছে।

‘ঋতু বর্ণন’ কবিতার সঙ্গে উদ্দীপকের কবিতাংশের ভাবগত মিল থাকলেও বৈসাদৃশ্য বিদ্যমান। কারণ উদ্দীপকের কবিতাংশে শীতের বর্ণনা দিলেও তা অনেকটাই নেতিবাচক ভাব প্রকাশ করে। শীতে গাছে পাতা থাকে না। প্রকৃতি যেন মৃতপ্রায় হয়ে যায়। অন্যদিকে ‘ঋতু বর্ণন’ কবিতায় শীতের যে বর্ণনা দেওয়া হয়েছে সেটি ইতিবাচক মনোভাবের পোষাণ করে। সেখানে দীর্ঘ রজনীতে সুখী দম্পতির মধুর সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও কবিতায় শীত ছাড়াও অন্যান্য ঋতুরও বর্ণনা দেওয়া হয়েছে, যা উদ্দীপকের কবিতায় অনুপস্থিত। তাই ভাবগত মিল থাকলেও বৈসাদৃশ্যই বেশি। এক্ষেত্রে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।

৩ নম্বর সৃজনশীল প্রশ্ন ও উত্তর
এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;
বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা,
কিংবা প্যাঁচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো।
[সূত্র: শীত রাত, জীবনানন্দ দাশ]

ক. কীটপতঙ্গের রব কোন ঋতুতে বারবার ধ্বনিত হয়?
খ. ‘অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়’- বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের সঙ্গে ‘ঋতু বর্ণন’ কবিতার শীত ঋতুর বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ. “উদ্দীপকের কবিতাংশটি ‘ঋতু বর্ণন’ কবিতার খণ্ডাংশ মাত্র।”- মন্তব্যটি বিশ্লেষণ করো।

৩ নম্বর প্রশ্নের উত্তর
ক.  কীটপতঙ্গের রব বর্ষা ঋতুতে বারবার ধ্বনিত হয়।

খ.  শীতের দীর্ঘ রাত সুখানুভূতির কারণে দ্রুত নিঃশেষ হয়— এই ভাবার্থ বোঝাতে কবি আলোচ্য উক্তিটি করেছেন।

‘ঋতু বর্ণন’ কবিতায় কবি আলাওল প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের গভীর ও নিবিড় সম্পর্ক বর্ণনা করেছেন। প্রকৃতিতে ঋতু পরিবর্তনের ক্রমধারায় মানবমনের অনুভবের জগতেও পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। প্রকৃতিতে শীত ঋতুর আবির্ভাবে মানবমনে সুখানুভূতি তৈরি হয়। শীতকালে দিন সংক্ষিপ্ত হয় এবং রাত দীর্ঘ হয়। কবির মতে, এই দীর্ঘ রাতের সুখানুভূতির খণ্ড খণ্ড মুহূর্তগুলো অখণ্ড সুখানুভূতি হয়ে প্রলম্বিত রাতকে সংক্ষিপ্ত করে তোলে। কারণ দীর্ঘ সুখানুভূতি চিরকাল প্রেমময়তার প্রলেপ সংক্ষিপ্ত হয়ে যায়। খুব সত্য যে দিঘল সুখানুভব মুহূর্ত মিলায়। বস্তুত কবি এখানে ঋতু পরিবর্তন ও শীতে মানবচিত্তের রূপান্তরকে নির্দেশ করেছেন।

গ.  উদ্দীপকের সঙ্গে ‘ঋতু বর্ণন’ কবিতার শীতের আনন্দের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়।

‘ঋতু বর্ণন’ কবিতায় দেখা যায়, কবি আলাওল শীতের আগমনকে সুখকর বলে প্রকাশ করেছেন। শীতের ভয়ে তীব্র সূর্যও যেন দ্রুত অস্তে চলে যায়। প্রকৃতিতে পুষ্পশোভার পরিবর্তে এক বিচিত্র পরিবেশ তৈরি হয়। এসময় বিভিন্ন সুগন্ধি, আলতা ব্যবহারের মাধ্যমে দম্পতির ভাবনায় সুখানুভূতি জাগ্রত হয়। এভাবে শীতের সঙ্গে মানবপ্রেমের সম্পর্ককে জাগ্রত করেছেন কবি।

উদ্দীপকের কবিতাংশে দেখা যায়, শীতের রাতে কবির হৃদয়ে মৃত্যু আসে। যদিও বাইরে প্রকৃতি মনোমুগ্ধকর থাকে। বাইরে যদিও শিশির পড়তে থাকে, প্যাঁচার গান শুনতে পাওয়া যায়। শীতের এই মনোমুগ্ধকর সৌন্দর্যও কবির মনে অনুভবের জগৎ তৈরি করতে পারেনি। অন্য ঋতুতে কবির হৃদয়ে আনন্দের জোয়ার বইলেও শীত এলে কবির হৃদয়ে মৃত্যু আসে। কিন্তু ‘ঋতু বর্ণন’ কবিতায় কবি শীতকালে সুখী দম্পতির দারুণ প্রেমানুভূতির কথা বলেছেন। তাই বলা যায়, উদ্দীপকের কবিতাংশটির সঙ্গে ‘ঋতু বর্ণন’ কবিতায় শীতকালে মানবমনে যে প্রেমানুভূতির সৃষ্টি হয় তার বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়।

ঘ. উদ্দীপকের কবিতাংশে ‘ঋতু বর্ণন’ কবিতার শীতকালের প্রকৃতির অংশটি প্রকাশিত হওয়ায় উদ্দীপকটি কবিতার খণ্ডাংশ মাত্র।

‘ঋতু বর্ণন’ কবিতায় কবি আলাওল প্রকৃতির রূপবৈচিত্র্যের পাশাপাশি প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। কবি বসন্তে পুষ্পের সৌন্দর্য, গ্রীষ্মের প্রখর তাপ, বর্ষার অবিরল বর্ষণ, শরতের নির্মল আকাশ, শীতের রাতে দম্পতির সুখানুভব চমৎকারভাবে বর্ণনা করেছেন। কবি প্রত্যেকটি ঋতুকে শিল্পিতরূপে উপস্থাপন করেছেন। শীতের প্রকৃতিতে মুগ্ধ হয়ে দম্পতিরা যে সুখ অনুভব করেন কবি তার সৌন্দর্য বর্ণনা করেছেন। ঋতু পরিবর্তন যে মানবমনে কতটুকু প্রভাব ফেলে কবি তার সুনিপুণ বর্ণনা দেন।

উদ্দীপকের কবিতাংশে শীতের ঋতুবৈচিত্র্যের বর্ণনা করা হয়েছে কিন্তু তা কবির হৃদয়ে অনুভবের জগৎ তৈরি করতে পারেনি। শীত এলে কবির হৃদয়ে মৃত্যু আসে যদিও বাইরে মনোমুগ্ধকর সৌন্দর্য থাকে। শীতের শিশির বিন্দু, প্যাঁচার গান, তরুলতার সতেজতা দেখা যায়। প্রকৃতির পরিবর্তনের ফলে যে মানবমনের পরিবর্তন ঘটে তা কবিমনে আসেনি, এসেছে মৃত্যু। ‘ঋতু বর্ণন’ কবিতায়ও শীত ঋতুর একইরকম বর্ণনা লক্ষ্য করা যায়।

‘ঋতু বর্ণন’ কবিতা ঋতু পরিবর্তনের পালাক্রম ও মানবমনে সুখের উল্লাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। শীতেও যে মানবমনে আনন্দ দিতে পারে কবি তার বর্ণনা করেছেন। উদ্দীপকের কবিতায় কেবল প্রকৃতিতে শীতের রূপটি ফুটে উঠেছে কিন্তু মানবমনে যে প্রেমের জগৎ তৈরি হয় তা প্রকাশিত হয়নি। তাই বলা যায়, উদ্দীপকের কবিতাংশটি ‘ঋতু বর্ণন’ কবিতার খণ্ডাংশ মাত্র।

৪. সারা রাত ধরে ঝিরিঝিরি বৃষ্টি। সকালেও তার বিরাম নেই। সজীব এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে স্কুলের পথে রওনা হয়। যাওয়ার পথে রাস্তার পাশের ডোবায় দেখে অসংখ্য ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ শব্দে ডেকে চলেছে অবিরাম। সজীব মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাঙের ডাক শোনে।
ক. ‘শিখিনী’ শব্দের অর্থ কী?
খ. ‘দাদুরী শিখীন রব অতি মন ভাওা’- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতার মূলভাবের প্রতিফলন ঘটেছে কি? তোমার মতামত দাও।

৪ নম্বর প্রশ্নের উত্তর
ক.  ‘শিখিনী’ শব্দের অর্থ ‘ময়ূরী’।
খ.  প্রশ্নোক্ত চরণটি দ্বারা বর্ষাকালে ব্যাঙ ও ময়ূরীর ডাক এবং এর মাধ্যমে মানবমনে সৃষ্ট পুলকের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।

আলোচ্য কবিতায় কবি আলাওল বর্ষার প্রকৃতি চিত্রিত করতে মাদি ব্যাঙ ও ময়ূরীর প্রসঙ্গ তুলে ধরেছেন। বর্ষাকালে প্রায়ই এদের ডাক শোনা যায়। প্রকৃতিতে ব্যাঙ ও ময়ূরীর এই কলধ্বনি মানুষের চিত্তকেও আন্দোলিত করে। প্রকৃতির রূপ পরিবর্তন যেন মানবমনেও ভাবের সঞ্চার করে।

গ.  উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতার বর্ষাকালে প্রকৃতির রূপ ও মানবমনে এর প্রভাবের দিকটি প্রতিফলিত হয়েছে।

‘ঋতু বর্ণন’ কবিতায় কবি আলাওল ষড়ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতাটিতে বর্ষাকালে প্রকৃতি ও জীবনের বর্ণনাও রয়েছে। বর্ষাকালে বৃষ্টির কারণে চারদিকে পানি থইথই করে। এসময় আনন্দে ডেকে ওঠে ব্যাঙ ও ময়ূরী, অন্যান্য কীটপতঙ্গও বর্ষাকালে বিচিত্র রকমের আওয়াজ করে। আর প্রকৃতিতে প্রাণের এ কোলাহলে মানবমনেও উল্লাসের সৃষ্টি হয়।

উদ্দীপকে বর্ষাকালের বর্ণনা রয়েছে। ঝিরিঝির বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে স্কুলে যাওয়ার সময় সজীব রাস্তার পাশের ডোবায় অসংখ্য ব্যাঙ দেখতে পায়। তারা ক্রমাগত ডাকছিল, ব্যাঙের ডাক শুনে সজীব মুগ্ধ হয়ে যায়। তাঁর মনে যেন এক অন্যরকম ভালোলাগা কাজ করে। ফলে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাঙের ডাক শোনে। অর্থাৎ ওই উদ্দীপকের ঘটনাও বর্ষাকালের বৈশিষ্ট্য, এসময় প্রাণীদের আওয়াজ এবং মানুষের হৃদয়ে এর অদ্ভুত প্রভাবের দিকটিকে নির্দেশ করে। উভয়ক্ষেত্রেই প্রকৃতি ও জীবনে বর্ষার চিরায়ত রূপটির প্রতিফলন দেখা যায়।

ঘ. উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতার মূলভাবের আংশিকবেশের প্রতিফলন হলেও সম্পূর্ণ প্রতিফলিত হয়নি।

‘ঋতু বর্ণন’ কবিতায় বাংলার ষড়ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। ছয়টি ঋতুর ভিন্ন ভিন্ন রূপবৈচিত্র্যের চিত্রায়ণ দেখা যায় কবিতায়। আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবই মূলত প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয়। এছাড়া কবিতাটিতে মানবমনে ষড়ঋতুর প্রভাব সম্পর্কেও বর্ণনা করা হয়েছে।

উদ্দীপকে বর্ষাকালের প্রকৃতি ও জীবনের প্রতি আলোকপাত করা হয়েছে। এখানে বর্ষার অবিরাম জলধারা এবং এ সময়ের পরিবেশের কথা বলা হয়েছে। উদ্দীপকে সজীবের মনে বর্ষার প্রভাবও পরিলক্ষিত হয়। সে ডোবার ধারে ব্যাঙের ডাক শুনে আনন্দিত হয়। উদ্দীপকটি বর্ষার রূপ, ব্যাঙের ডাক এবং মানবহৃদয়ে বর্ষার কারণে সৃষ্ট অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ। একইভাবে ‘ঋতু বর্ণন’ কবিতায়ও বর্ষাঋতুর এমন বর্ণনা ফুটে উঠেছে।

‘ঋতু বর্ণন’ কবিতার মতো উদ্দীপকে বৃহৎ পরিসরে ষড়ঋতুর রূপবৈচিত্র্য ফুটে ওঠেনি। তবে বর্ষাকালের বৃষ্টিস্নাত প্রকৃতি, জলাধারে ব্যাঙের ডাক এবং মানুষের মনে এর ফলে সৃষ্ট ভাবের দিকটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতার আংশিক ভাবের প্রতিফলন লক্ষণীয়। কিন্তু এটি আলোচ্য কবিতার সমগ্র মূলভাবের প্রতিফলন ঘটাতে সক্ষম নয় বলে মনে করি।

৫.  রাশেদ শহরে থাকে। শহরে বড়ো বড়ো দালানকোঠার কারণে আকাশ দেখা যায় না। ছুটিতে গ্রামে গিয়ে এবার সে দেখে আকাশ ঝকঝকে পরিষ্কার। মাঝেমধ্যে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। রাশেদ অবাক হয়ে আকাশ দেখে। ভাবে এত সুন্দর শুভ্র নীলাকাশ শহরে থাকলে দেখার সৌভাগ্য হতো না।

ক. তাম্বুল কী?
খ. ‘শীতের তরাসে রবি ত্বরিতে লুকায়।’— ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতার যে দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি উন্মোচিত হয়েছে কি? তোমার মতামত দাও।

৫ নম্বর প্রশ্নের উত্তর
ক.  তাম্বুল হলো পান; যা সুপারি, চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়।
খ.  ‘শীতের তরাসে রবি ত্বরিতে লুকায়।।’- চরণটি দ্বারা শীতকালে তাড়াতাড়ি সূর্যাস্ত এবং দিনের স্বল্প ব্যাপ্তির দিকটি উপস্থাপন করা হয়েছে।

শীত ঋতুতে প্রচণ্ড ঠান্ডা যেন সূর্যের উপর ত্রাস সৃষ্টি করে। শীতের ভয়ে সূর্য দ্রুত অস্ত যায়। এসময় রোদে তেমন তেজ থাকে না। শীতের কাছে পরাজয় স্বীকার করে সূর্য দিগন্তে লুকিয়ে যায়। এ বিষয়টি বোঝাতেই ‘শীতের তরাসে রবি ত্বরিতে লুকায়’— চরণটির অবতারণা হয়েছে।

গ.  উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতায় শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে।

‘ঋতু বর্ণন’ কবিতায় বাংলার ষড়ঋতুর প্রাকৃতিক রূপবৈচিত্র্য এবং মানবমনে এর প্রভাব বর্ণনা করা হয়েছে। এই ষড়ঋতুর একটি হলো শরৎকাল। বর্ষার ঘন কালো মেঘ সরে গিয়ে শরতের আগমনে আকাশ হয়ে ওঠে নির্মল। আকাশে ভেসে বেড়ায় শুভ্র মেঘের ভেলা। এসময় ফুলে চামর দোলা লাগে এবং খঞ্জনা নেচে ওঠে আপন ছন্দে।

উদ্দীপকে শরৎকালের প্রকৃতির রূপ ফুটে উঠেছে। উদ্দীপকে রাশেদ শহরে বাস করে। তাই সে সচরাচর ভিন্ন ভিন্ন ঋতুতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে না। কিন্তু ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে সে শরৎকালের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। প্রকৃতির এই অপরূপ রূপ-মাধুর্যে সে বিমোহিত হয়। অর্থাৎ ‘ঋতু বর্ণন’ কবিতার মতো উদ্দীপকেও শরৎকালে প্রকৃতির চিরচেনা রূপ এবং মানুষের হৃদয়ে এই রূপের প্রতি সৃষ্টি গভীর আবেগের বিষয়টি প্রকাশ পেয়েছে।

ঘ.  উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি উন্মোচিত হয়নি।

‘ঋতু বর্ণন’ কবিতায় প্রকৃতির বিচিত্র রূপের বহিঃপ্রকাশ ঘটেছে। বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে বহু মানুষ মুগ্ধ হয়েছে। এই মুগ্ধতা মানবমনে বহুমুখী ভাবের সৃষ্টি করে। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয়া সমীর, গ্রীষ্মের প্রচণ্ড তপন, বর্ষার মেঘের গর্জন, শরতের নির্মল আকাশ, হেমন্তের পানপাতা, শীত রজনির সুখ সবকিছু যেন মানুষের হৃদয়ে ভিন্ন ভিন্ন অনুভব জাগিয়ে তোলে।

উদ্দীপকে প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে সুন্দরভাবে শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হলেও মানবমনে এর প্রভাব সম্পর্কিত কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। উদ্দীপকের রাশেদ শরতের আকাশ দেখে অবাক হয়েছে। কিন্তু এ বিস্ময় তার অন্তরে কোনো আবেগ সঞ্চার করেছে কি না, সে বিষয়ে উদ্দীপকে কিছু উল্লেখ করা হয়নি। ‘ঋতু বর্ণন’ কবিতায় এইরকম শরতের বর্ণনা ফুটে উঠেছে।

উদ্দীপকে কেবল শরৎ ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণিত হয়েছে। ‘ঋতু বর্ণন’ কবিতার অন্তর্নিহিত প্রকৃতি ও মানবমনের সংযোগের বিষয়টি এখানে প্রায় অনুপস্থিত। তাই উদ্দীপকে ‘ঋতু বর্ণন’ কবিতায় বর্ণিত প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি পরিপূর্ণভাবে উন্মোচিত হয়নি বলে মনে করি।





No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.